ফররুখ আহমদের কবিতা
ছড়া-কবিতা আগস্ট ২০১৪
শরতের সকালঝিলমিল, ঝিলমিল, নীল পরীদের ঐ মনজিল; সারা রাত রয় নিঝঝুম, রাত শেষে ভেঙে যায় ঘুম, কেটে যায় আঁধারের ঘোর; দুনিয়ায় নেমে আসে ভোর ॥ ঝিলমিল, ঝিলমিল, নীল আকাশের খুলে যায় খিল; মন যার করে নিসপিস শুনি সেই দোয়েলের শিস, পায়রার ভেঙে যায় ঘুম; করে তাই বাকুম বাকুম ॥ ঝিলমিল, ঝিলমিল, নীল আসমানে ওড়ে গাঙচিল; সাত রঙ রাঙা পাখনায় মাছরাঙা বউ উড়ে যায়, ঝুমঝুমি বাজে ঝুমঝুম ভেঙে যায় খোকনের ঘুম ॥ ঝিলমিল, ঝিলমিল, নীল আসমানে খুঁজে পাই মিল; বিল্লিটা এসে ঘুরে যায়, টুনটুনি, বুলবুলি গায়; খুকুমণি করে আনচান, শোনে রোজ ভোরের আজান ॥ ঝিলমিল, ঝিলমিল, নীল ঝলমল করে খাল বিল; সকালের মিঠে রোদ্দুর চোখে পড়ে দেখি যদ্দূর, মাঠ, ঘাট গেয়ে ওঠে তাই; ভোর হল, ভোর হল ভাই ॥
আরও পড়ুন...