ভালো থাকার মন্ত্র
তোমাদের কবিতা আতাউর মালেক আগস্ট ২০২৩
গভীর মনোযোগে তুমি
পড়তে থাকো রোজ,
ভালো থাকার মন্ত্রণাটা
করতে থাকো খোঁজ।
কেমন করে এ ধরণির
ঘুরছে চাকা দেখো,
আকাশ দেখে তারই কাছে
উদার হতে শেখো।
বাতাস দেখো শিরশিরিয়ে
বিলায় নিজের সুখ,
তপ্ত রোদে তৃপ্ত হতে
থাকি যে উন্মুখ।
বৃক্ষলতার ছায়ায় ঢাকা
মোদের পরিবেশ,
প্রাণ বাঁচাতে তাদেরই দান
যায় না করা শেষ।
মাটির কথা বলতে গিয়ে
কেঁদে ওঠে মন,
তারই বুকে কী জ্বালাতন
করছি সারাক্ষণ।
পারলে হতে মাটির মত
থাকবে নাতো দুঃখ শত
শান্ত সবুজ বুক,
বিলিয়ে দিতে সবার তরে
এর মত নাই সুখ।
আরও পড়ুন...