শীত
ছড়া-কবিতা মুহাম্মদ ইব্রাহিম বাহারী জানুয়ারি ২০২৬
হিম শিরশির হিমের বুড়ি
শিশির ঝরে বাজায় তুড়ি
টাপুরটুপুর গীত,
সূর্যিমামার ক্লান্ত শরীর
মধুমতির শান্ত সলীল
আসলো ঋতু শীত।
উঠানজুড়ে ধানের গাদি
শুকনো কাশি দিচ্ছে দাদি
দুচোখে নেই ঘুম,
ঝরা পাতা গাছের তলে
হিঙে গাছে হিঙের ফলে
বাজে ঝুমুর ঝুম।
বায়ু বহে ঠাণ্ডা শীতল
কাঁপন ধরা ইতল বিতল
খেজুর গাছে ভাঁড়,
গুড় পাটালি রসিক রসে
সকালবেলা পরান ধসে
কেঁপে ওঠে হাড়।
আরও পড়ুন...