লাল চব্বিশের অগ্নি হাওয়া

আমাদের কথা কিশোরকণ্ঠ ডেস্ক জুলাই ২০২৫

সুপ্রিয় বন্ধুরা,

আসসালামু আলাইকুম।

দেখতে দেখতে একটি বছর পার হয়ে আবার এলো জুলাই। 

চব্বিশের লাল জুলাইয়ের কথা সবার মনে আছে তো? কী এক ভয়ঙ্কর বিভীষিকাময় ছিল সেই দিনগুলি!

বৈষম্যবিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল এ দেশের স্কুল-কলেজ-মাদরাসা-ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীরা। মিছিলের পর মিছিল। প্রতিবাদ-প্রতিরোধের আগুন ছড়িয়ে পড়েছিল রাজধানী ঢাকাসহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে। থেমে থাকেনি স্বৈরাচার সরকারের পেটুয়া বাহিনী। পুলিশ, র‍্যাব, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগসহ স্বৈরাচারের যত সশস্ত্র বাহিনী আছে, সবাই আক্রমণ চালিয়েছিল বিক্ষুব্ধ ছাত্রদের ওপর। কিন্তু কোনোভাবেই দমন করতে পারেনি তাদের। অত্যাচারের সকল প্রকারের সীমা ছাড়িয়ে তারা চেষ্টা করেছিল বিক্ষুব্ধ ছাত্রসমাজকে থামাতে। অনেক ষড়যন্ত্রও করেছিল। কিন্তু তাদের সকল ষড়যন্ত্র ও অত্যাচারকে টপকে ছাত্রসমাজ এগিয়ে চলেছিল দুর্বার গতিতে। 

আবু সাঈদের দু’হাত সম্প্রসারিত করে পুলিশের সামনে নির্ভয়ে বুক পেতে দেওয়া এবং তাঁর শাহাদাত শেষ পর্যন্ত এই আন্দোলনকে ফ্যাসিস্ট সরকার উৎখাতের নিয়ামক হিসাবে বিশেষভাবে কাজে লেগেছিল। আবু সাঈদের সেই ছবি মুহূর্তেই দেশের গণ্ডি পেরিয়ে সমগ্র বিশ্বে তোলপাড় তুলেছিল। এর পরপরই পালটে যায় আন্দোলনের গতিবেগ। সাধারণ জনগণ ছাত্রদের সাথে শামিল হয়ে যায় সরকার উৎখাতের এই আন্দোলনে। তীব্র থেকে তীব্রতর হয় আন্দোলন। কত রক্ত, কত ত্যাগ, কত কুরবানি, কত জীবনের বিনিময়ে, অপ্রতিরোধ্য আন্দোলনের মাধ্যমে অবশেষে খুনি স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়। ছত্রিশে জুলাই প্রায় দুই দশকের স্বৈরাচারের দুঃশাসনের কবল থেকে মুক্ত হয় বাংলাদেশ।

লাল চব্বিশের সেইসব দৃশ্য চোখের সামনে এখনো ভাসছে। ইচ্ছে করলেও কেউ ভুলতে পারছে না সেসব উত্তাল সময়ের কথা। 

হ্যাঁ, এভাবেই লাল চব্বিশ ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে যুগ থেকে যুগান্তর।

এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আল্লাহ তাঁদের কবুল করুন। যারা আহত হয়েছেন, আল্লাহ তাদের সুস্থতা দান করুন। আর যারা গাজী হয়ে ফিরে এসেছেন, আল্লাহ তাদের নেক হায়াত এবং উত্তম প্রতিদান দিন।

অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে পাওয়া লাল চব্বিশের এই দ্বিতীয় স্বাধীনতা অমর হোক। 

আজ এ পর্যন্তই। 

আল্লাহ হাফিজ।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ