ঈদের চাঁদটা
ছড়া-কবিতা আবু তাহের সরফরাজ মার্চ ২০২৬
ঈদের চাঁদটা বাঁকা কেন বলো দেখি?
দুখিনী মায়ের পাঁজরের হাড় সে কি?
নিষ্পাপ শিশু খিদের জ্বালায় কাঁদছে
প্রতিবেশী আজ মাংস-পোলাও রাঁধছে।
খাবার না-পেয়ে প্রতিদিন যার রোজা
তাকে ফেলে তুই ঈদগাহে এলি সোজা?
ভেকধারী ওরে নামের মুসলমান
এই কি সিয়াম সাধনার ফরমান?
তিরিশ দিনের সংযম শেষে আজ
শিখলি না কিছু সংযমী কোনো কাজ।
না-খেয়ে থাকায় পুণ্য যে নেই কোনো
আত্মশুদ্ধি সিয়ামের মানে, শোনো।
সিয়াম শেখায় মানবিক আচরণ
ঈদ জামায়াতে তাই জন সমাগম।
এই উৎসবে নেই তোর অধিকার
সিয়াম সাধনা সার্থক হলো কার?
আরও পড়ুন...