ঈদ আসুক সবার জীবনে
আমাদের কথা কিশোরকণ্ঠ ডেস্ক মার্চ ২০২৬
প্রাণপ্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো এবং সুস্থ আছ।
এক মাস সিয়াম সাধনার পর আবারো আমাদের মাঝে ফিরে এলো খুশির সমারোহ নিয়ে ঈদুল ফিতর। ঈদ হোক সাম্যের জন্য। ভালোবাসার জন্য। সকলের জন্য। ঈদ হোক মানুষ ও মানবতাকে উজ্জীবিত করার জন্য। সকলের ঘরে আসুক ঈদের আনন্দ, ঈদের খুশি। ঈদ মুবারক।
এলো মার্চ মাস। মার্চ মানেই এক আগুন ঝরা মাস। স্বাধীনতা অর্জনের মাস। তোমরা তো জানোই কত রক্ত ও ত্ত্যাগের বিনিময় আমাদের এই দেশ স্বাধীন হয়েছে!
আমরা এখন একটি নিজস্ব স্বাধীন দেশে বাস করছি। এর চেয়ে আনন্দের আর কী হতে পারে!
পৃথিবীর এখনও অনেক দেশ আছে, দেশের মানুষ আছে-যারা পরাধীনতার গ্লানি নিয়ে প্রতি মুহূর্ত তড়পাচ্ছে। সুতরাং ভাবতে পারো যে, আমরা তাহলে কতটা সৌভাগ্যবান!
তবে হ্যাঁ এ কথাও ঠিক, স্বাধীনতা যেভাবে যে ত্যাগের মাধ্যমে অর্জন করা হয়েছে তার চেয়েও বেশি ত্যাগ ও শ্রমের বিনিময়ে আমাদের এই সোনার দেশটাকে আরও অনেক বেশি সমৃদ্ধ করতে হবে। করতে হবে যথাযথ বাসযোগ্য।
সেই দায়িত্ব ও কর্তব্য আমাদেরই। আমরা যদি যোগ্য নাগরিক হিসেবে, যোগ্য ব্যক্তি হিসেবে গড়ে উঠতে পারি তাহলে প্রকৃত অর্থে দেশ ও জাতি গঠনে আমরা অনেক বড় ভূমিকা রাখতে সক্ষম হব।
এসো, এই দেশ ও জাতির জন্য, মানুষের কল্যাণের জন্য, আমাদের ভালো থাকার জন্য আমরা সকলেই প্রকৃত যোগ্য হয়ে গড়ে উঠি। আমরা হয়ে উঠি এই দেশের জন্য একেকটি বিশাল সম্পদে। আমাদের চেষ্টা ও শ্রমে আবার নতুনভাবে জেগে উঠুক প্রাণপ্রিয় বাংলাদেশ।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
এ পর্যন্তই!
ঈদ মুবারক আসসলাম।
আরও পড়ুন...