হিমালয়ান মোনাল
চিত্র-বিচিত্র ফরহাদ হাসান জুন ২০২৬
হিমালয়ের চূড়ায় এমন এক পাখি দেখা যায়, যাকে প্রথম দেখায় জীবন্ত রংধনু মনে হয়। একে রঙের রাজা পাখি বলা হয়। পাখিটির নাম হিমালয়ান মোনাল।
এটি হিমালয় অঞ্চলের অন্যতম সুন্দর পাখি। মোনালকে অনেকেই পর্বতের রত্ন বা প্রকৃতির রংধনু পাখি বলে। কারণ এর গায়ে সবুজ, নীল, তামা আর সোনালি রঙের এত চমৎকার মিশ্রণ থাকে যা রোদ পড়লেই ঝলমল করে।
এদের বৈজ্ঞানিক নাম Lophophorus impejanus. এটি নেপালের জাতীয় পাখি এবং ভারতের উত্তরাখণ্ড রাজ্যের রাষ্ট্রীয় পাখি। নেপালে এদের ডাফনে বলা হয় এবং সেখানকার লোকসংগীতেও এই পাখির উল্লেখ পাওয়া যায়। এর গায়ের সাতরঙা দ্যুতির জন্য একে অনেকেই হিমালয়ের রত্ন বলেন ।
এই পাখি সাধারণত ঠাণ্ডা পাহাড়ি জঙ্গল পছন্দ করে, যেখানে ওক, পাইন আর রডোডেনড্রন গাছ বেশি। এরা সাধারণ কোনো সমতলের পাখি নয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,০০০ থেকে ১৫,০০০ ফুট উচ্চতায় বসবাস করে। শীতকালে যখন উচ্চ হিমালয় বরফে ঢেকে যায়, তখন এরা খাবারের খোঁজে কিছুটা নিচের দিকে নেমে আসে।
পুরুষ মোনাল পাখির শরীরে নীল, সবুজ, বেগুনি, তামাটে ও সোনালি রঙের এক অপূর্ব মিশ্রণ থাকে। রোদের আলো পড়লে এদের পালকগুলো ধাতব দ্যুতি ছড়ায়। এদের মাথায় থাকে উজ্জ্বল সবুজ রঙের একটি ঝুটি। এরা বেশ লাজুক প্রকৃতির এবং দুর্গম পাহাড়ি ঢালে থাকতে পছন্দ করে।
তবে স্ত্রী মোনালরা বেশ লাজুক এবং এদের গায়ের রং মূলত বাদামি ও মেটে, যা তাদের বরফ আর পাথরের আড়ালে লুকিয়ে থাকতে সাহায্য করে।
মোনাল পাখি খনন কাজে পারদর্শী। এদের শক্তিশালী এবং বাঁকানো ঠোঁট দিয়ে এরা মাটির প্রায় ১০ ইঞ্চি গভীর পর্যন্ত খুঁড়তে পারে। এরা মাটির নিচে লুকিয়ে থাকা পোকা-মাকড়, কন্দ এবং উদ্ভিদের শেকড় খেয়ে বেঁচে থাকে। বরফের স্তূপ সরিয়েও এরা খাবার খুঁজে বের করতে ওস্তাদ। এরা বেশ সামাজিক এবং শীতকালে দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে।
উত্তরাখণ্ডের মানুষের কাছে মোনাল কেবল একটি পাখি নয়, এটি পাহাড়ের ঐতিহ্য। বিপন্নপ্রায় এই সুন্দর পাখির উজ্জ্বল পালকই এদের শত্রু হয়ে দাঁড়িয়েছে। এদের মাথার ঝুঁটি বা পালক সংগ্রহের জন্য চোরাশিকারিদের নজর থাকে এদের ওপর। এ ছাড়া জলবায়ু পরিবর্তন এবং পাহাড়ে মানুষের আনাগোনা বেড়ে যাওয়ায় এদের প্রাকৃতিক আবাসস্থল দিন দিন সংকুচিত হয়ে আসছে।
এই রংধনু পাখি হিমালয়ের এক অমূল্য সম্পদ। বর্তমানে উত্তরাখণ্ড সরকার এবং বনবিভাগের সংরক্ষণের কারণে এদের সংখ্যা স্থিতিশীল রয়েছে।
আরও পড়ুন...