কাচের বৃষ্টি
বিজ্ঞান তারেক আজিজ নভেম্বর ২০২৫
সৌরজগতের বাইরে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে অনেক বিস্ময়কর ঘটনা। বিজ্ঞানীদের অনুসন্ধানের ফলে নতুন নতুন গ্রহের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পারি। সৌরজগতের বাইরে একটি নতুন গ্রহের সন্ধান পান মহাকাশ বিজ্ঞানীরা। এই গ্রহের গঠন বৃহস্পতি গ্রহের মতো হলেও এর আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে।
২০০৫ সালে মহাকাশ বিজ্ঞানীরা পৃথিবী থেকে ৬৫ আলোকবর্ষ দূরে ভালপেকুলা নক্ষত্রপুঞ্জে এই নতুন বহির্গ্রহ আবিষ্কার করেছিলেন। আবিষ্কৃত এই গ্রহের নাম রাখা হয়েছিল এইচডি ১৮৯৭৩৩ বি। এই গ্রহে বৃষ্টির মতো ঝরে পড়ে কাচ। মহাবিশ্বে এমন ঘটনা বিস্ময়কর।
গ্রহটি মূলত গ্যাসীয় দানব, যা এর নক্ষত্রের খুব কাছ দিয়ে আবর্তন করছে। এইচডি ১৮৯৭৩৩বি-র গতিবিধি খুবই দ্রুত। এটি তার নক্ষত্রকে প্রদক্ষিণ করতে মাত্র দুই দিন নেয়। এটি নক্ষত্রের দিকে ১৩ গুণ কাছাকাছি অবস্থিত যা মের্কারি থেকে আমাদের সূর্যের দূরত্বের চেয়েও কম।
এই গ্রহে পৃথিবীর হিসাবে ঘণ্টাপ্রতি সাত হাজার কিলোমিটার গতিতে ঘূর্ণিঝড় হয়। বিশেষজ্ঞরা বলছেন, এইচডি ১৮৯৭৩৩বি নামের এই গ্রহটিতে অত্যন্ত তীব্র তাপ ও বাতাসের গতির কারণে গ্যাসীয় কাচের ফোঁটা ঝরে পড়ে। গ্রহে বাতাসের গতিবেগ প্রায় ১১,০০০ কি.মি./ঘণ্টা পর্যন্ত হতে পারে। এই অস্বাভাবিক আবহাওয়ার কারণে, গ্রহটি থেকে কাচের বৃষ্টি হয়।
বৃহস্পতি গ্রহের সঙ্গে মিল থাকার পাশাপাশি এই গ্রহের তাপমাত্রাও অনেক। বিজ্ঞানীদের দাবি, এইচডি ১৮৯৭৩৩বি গ্রহের তাপমাত্রা ৯২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এটি ‘তপ্ত বৃহস্পতি’ নামেও পরিচিত।
এইচডি ১৮৯৭৩৩বি দেখতে অনেকটা গাঢ় নীল রঙের মার্বেলের মতো। কাচের বৃষ্টির কারণে গ্রহটি দেখতে গাঢ় নীল রঙের। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার গবেষকেরা জানিয়েছেন, তাঁরা প্রথমবারের মতো কোনো ভিনগ্রহের সত্যিকারের রং জানতে পেরেছেন।
সম্প্রতি জেমস ওয়েব টেলিস্কোপের সাহায্যে পরীক্ষা করে মহাকাশ বিজ্ঞানীরা এক গবেষণাপত্রে জানান যে, এই গ্রহ থেকে পচা ডিমের মতো দুর্গন্ধ বের হয়। তাদের দাবি, গ্রহের বায়ুমণ্ডলে হাইড্রোজেন সালফাইড নামে এক বর্ণহীন গ্যাসের প্রাচুর্য রয়েছে। সেই গ্যাসের উপস্থিতির কারণে গ্রহে পচা ডিমের মতো দুর্গন্ধ ছড়িয়ে থাকে। এই আবিষ্কারের মাধ্যমে আমাদের গ্রহের গঠন এবং রসায়ন সম্পর্কে আরও বেশি তথ্য জানা যায়।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষক ব্রুস ফেগলি হাফিংটন জানিয়েছেন, পৃথিবীর তুলনায় অন্যান্য গ্রহপৃষ্ঠ ও বায়ুমণ্ডল অত্যন্ত উত্তপ্ত থাকে। সেখানকার আগ্নেয়গিরি থেকে নির্গত ধাতব যৌগ বায়ুমণ্ডলের শীতল অঞ্চলে ঘনীভূত হয় এবং ভূপৃষ্ঠের ওপর তুষারের মতো পড়তে থাকে।
আমাদের সৌরজগতের মধ্যে পৃথিবীর নিকটতম মঙ্গলে কার্বন ডাই-অক্সাইডের তুষারপাত ঘটে। তেমনই এইচডি ১৮৯৭৩৩বি গ্রহে কাচ বৃষ্টি হওয়াটা গ্রহের স্বাভাবিক বৈশিষ্ট্য হিসেবে ধারণা করা হয়েছে।
আরও পড়ুন...