সোনার লোভে
রম্যগল্প জাফর তালুকদার অক্টোবর ২০২৫
ধনী হলেও লোকটা ছিল বেজায় হাড়কিপ্টে। বউটিও তেমন। বড়ো একটা খামার বাড়িতে তারা থাকত। বাড়িটার চারদিকে ছিল সারি সারি আখক্ষেত। জনা-চব্বিশেক চাকরবাকরে ঠাসা বাড়িটার কোনো ছিরিছাঁদ ছিল না। টাকা, টাকা আর টাকার ধ্যানেই কাটত তাদের সারাবেলা। সকাল থেকে রাত অবধি সোনাদানা গোনা ছাড়া আর কোনো কাজ ছিল না তাদের।
একদিন কোমর বেঁধে টাকাকড়ি গোনার সময় খাবার খেতে ডাকল পরিচারিকা।
কিপ্টে লোকটা ছড়ানো সোনাদানার দিকে চোখ ঘুরিয়ে বলল, ‘এখন সময় নেই। আমরা ব্যস্ত।’
মহিলাও সায় দিলো তার কথায়, ‘ঠিক আছে। খাবার একটু পরেই দাও। আমরা আসছি।’
চাকর ফিরে যাবার দুই ঘণ্টা পর তারা খেতে এসে দেখল, টেবিলের সব খাবার সোনা হয়ে গেছে। মহিলাটি খুশিতে চিৎকার করে উঠল।
খাবারের থালা স্বর্ণমুদ্রায় ভরে উঠেছে দেখে লোকটা আনন্দে গদ গদ হয়ে বলল, ‘সবই দেখছি খাঁটি সোনা!’
‘আমরা এখন আগের চেয়েও ধনী হয়ে গেছি।’ খুশিতে লোকটা নাচতে শুরু করল।
বউ আনন্দ চেপে না রাখতে পেরে বলল, ‘এত বড়ো খুশির খবর, লোকজন নিয়ে একটু খানাপিনা করলে কেমন হয়?’
‘নিশ্চয়, সবাইকে জানান দিয়েই আমরা সেটা করব।’ স্বামী সায় দিলো বউয়ের কথায়।
মওকা পেয়ে বউ গলা উঁচাল, ‘লিডা, কই গেলিরে? এদিকে আয় তো!’
লিডা এক নম্বর রাঁধুনি। দরজায় উঁকি দিয়ে বলল, ‘জি ম্যাম, ডেকেছেন?’
‘রাতে তিন শ লোকের খাবার ব্যবস্থা করতে হবে। ভোজ-উৎসব হবে বুঝেছিস?’
লিডা মাথা দুলিয়ে চলে গেল।
একটু পর রান্নাঘর ঘুরে এসে সে দুঃসংবাদের বোমাটি ফাটাল, ‘কী যে ঘটল কিছু বুঝতে পারছি না! রান্নাঘরের সবকিছু সোনা হয়ে গেছে।’
‘কী বলছিস এসব?’
‘জি, ঠিকই বলেছি। চিনি, দুধ, মাছ সব সোনা হয়ে গেছে!’
সব ঘুরে দেখে তারা খুশিতে আটখানা হয়ে গেল।
লোকটা গোঁফ মুচড়ে বলল, ‘আমাদের সম্পদের এই পাহাড় হিসাব করতে মাস কেন, বছরও গড়াতে পারে।’
বউ ছানাবড়া চোখে বলল, ‘তাহলে বাদ দাও তোমার অনুষ্ঠান। আমাদের কত কাজ পড়ে আছে। এসব করার সময় কোথায়!’
এবার তারা নাওয়া-খাওয়া ভুলে সব সোনা একটা ঘরে জড় করে হিসাব মেলাতে শুরু করল। পেটে দানাপানি নেই। ঘুম নেই। নেই কথাবার্তার ফুরসত। দিনের পর দিন, রাতের পর রাত, তারা ঝনঝন করে সোনার মোহরগুলো গুনে চলল। খিদেয় নিস্তেজ হয়ে পড়লেও তাদের হুঁশ ছিল না সেদিকে ফিরে তাকানোর।
চাকর দিশা না পেয়ে বাইরে থেকে কিছু খাবার নিয়ে এসে তাদের দিলেও তা মুহূর্তে সোনা হয়ে গেল।
এভাবে সোনার মোহে আটকে থেকে অনাহারে ক্ষুধায় কাতর হয়ে মারা গেল দুই লোভী মানুষ।
ধনসম্পদ যেমন ছিল তেমনি রইল পড়ে। এসব উপভোগ করার সময় হলো না তাদের।
আরও পড়ুন...