বীর সেনানী বীর
ছড়া-কবিতা মোশাররফ হোসেন খান আগস্ট ২০২৫
মিছিল ছোটে মিছিল ছোটে ক্ষিপ্র বেগে
রাস্তাগুলো লাল হয়েছে রক্ত লেগে।
বুলেট বোমায় মূর্ছা যায় হয়তো কেউ
ভয় পায় না রুখতে তবু দৈত্য দেও।
গুলির শব্দে থামছে না তো তাদের গতি
বরং আরও দ্বিগুণ ছোটে তীব্র অতি।
ভাতের থালা পানির মগ রইছে পড়ে
এমনি করে দেশের জন্য যাচ্ছে লড়ে।
কেউ ভাবেনি, কেউ পারেনি করতে যেটা
তরুণ-কিশোর শঙ্কাহীনে করছে সেটা।
গুলির সামনে ঝাঁপিয়ে পড়ে ভাবনাহীন
রক্ত দিয়ে আনলো তারা আলোক দিন।
বীর কেশরী বীর কেশরী বীরের দল
ভাঙলো তারা শক্ত ভারী জগদ্দল।
স্বৈরাচার তাড়িয়ে দিয়ে ফিরলো ঘরে
তাদের জন্য ভালোবাসার মুক্ত ঝরে!
ইতিহাসের বাঁক বদল যাদের জন্য
সত্যিই তারা মহৎ বীর, তারাই ধন্য।
লাল চব্বিশের বাঁধনহারা বীর সেনানী বীর
ভাঙতে জানে আগল তারা নয়া শতাব্দীর।
২০.৬.২০২৫
আরও পড়ুন...