ঘাম শুকানোর আগেই
হাদীসের আলো বিলাল হোসাইন নূরী মে ২০২৫
এই তো, ক’দিন আগেও পথের দু’পাশে সারিসারি বৃক্ষ ছিল। সবুজছায়ায় কী মায়াময়, কী নিরিবিলি মনে হতো পথটাকে! সব কেটে ফেলা হয়েছে। যারা এ পথ দিয়ে আগে কখনো চলেছে, তাদের কাছে এখন তাকে অচেনা কোনো মরুভূমিই মনে হবে।
আকাশ থেকে যেন সূর্যটা গলে গলে পড়ছে পিচঢালা পথের ওপর। এ যেন অগ্নিবৃষ্টি!
এ গনগনে দুপুরে রিকশার জন্য অপেক্ষা করছে আহমদ। শরীর থেকে ঘাম ঝরছে দরদর। প্রায় দশমিনিট পর একটি রিকশা আসতে দেখে হাত উঠিয়ে কাছে ডাকলো আহমদ। সে রিকশায় উঠে বসতেই হুড তুলে দিলো রিকশাওয়ালা। যাক, এবার একটু বাঁচা গেল।
আহমদ খেয়াল করলো, সে একটু ছায়া পেলেও রিকশাওয়ালার মাথার ওপর কোনো ছায়া নেই। ঘামে তার জামা ভিজে শরীরের সাথে লেগে গেছে। তবুও আহমদকে নিয়ে সে বিরামহীন ছুটেই চলছে।
কিছুদূর যাওয়ার পর হঠাৎ বিপরীত দিক থেকে আসা আরেকটি রিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ লেগে যায়। একটুর জন্য রিকশা থেকে পড়ে যায়নি আহমদ। ভাগ্য ভালো, কোনো সমস্যা হয়নি কারোই। তবে, কার কী দোষ এটা বুঝে ওঠার আগেই বাজে কিছু শব্দ এসে ঢুকলো তার কানে। দুই রিকশাওয়ালাই সমানতালে একে অপরকে দোষারোপ করে গালিগালাজ করছে। তাদের থামাতে আহমদকে অনেক বেগ পেতে হয়েছে।
যেতে যেতে আহমদ রিকশাওয়ালাকে বলল, ভাই! একটু আগে যে ভাষায় আপনারা কথা বলেছেন, তা কি ঠিক ছিল? তবে আপনাকে একটা সুসংবাদ দিচ্ছি। আপনারা যা উপার্জন করেন, তার পুরোটাই হালাল। এ হালাল উপার্জন খেয়ে খারাপ কাজ পরিহার ও আল্লাহর ইবাদাত করলে ধনীদের অনেক আগেই আপনারা পৌঁছে যাবেন জান্নাতে। জানেন, আমাদের নবীও মেষ চরিয়েছিলেন? একদিন তিনি বললেন, “আল্লাহ এমন কোনো নবী পাঠননি, যিনি ছাগল চরাননি। সাহাবীগণ বললেন, আপনিও? তিনি বললেন, আমিও! কয়েক কিরাতের বিনিময়ে আমি মক্কাবাসীদের ছাগল চরিয়েছি।” (ইবন মাজাহ : ২১৪৯)
রিকশাওয়ালা মাঝে মধ্যে পেছনে ফিরে আহমদের দিকে তাকায়। তার চোখে-মুখে যেন আশার আলো জ্বলে উঠলো।
আহমদের পথ শেষ। রিকশা থেকে সে যখন নামছে, রিকশাওয়ালা তখন রোদের বৃষ্টিতে ভিজে একাকার। চোখ দুটো যেন সূর্যের বর্ণ ধারণ করেছে। গামছা দিয়ে শরীর মুছছে আর দীর্ঘ নিঃশ্বাস ফেলছে।
“তোমরা শ্রমিককে তার শরীরের ঘাম শুকানোর আগেই মজুরি দিয়ে দাও”- নবীজির এ কথা মনে পড়ল তার। দেরি না করে আহমদ নির্ধারিত ভাড়ার চেয়েও অতিরিক্ত কিছু টাকা তুলে দিলো রিকশাওয়ালার হাতে।
তার মনে বেশ আনন্দ, কারণ সে একটা হাদিসের ওপর আমল করতে পেরেছে। অবাক হয়ে রিকশাওয়ালাও তাকিয়ে থাকলো আহমদের পথের দিকে, যতদূর চোখ যায়...!
বিলাল হোসাইন নূরী
আরও পড়ুন...