জ্যৈষ্ঠের দুপুর

ছড়া-কবিতা নয়ন আহমেদ মে ২০২৬

তপ্ত রোদে কষ্ট শুকাই আনব পেড়ে আলো

দুঃখগুলোর গতর থেকে ঝাড়ছি এখন কালো।

কালোরা সব মিছিল করে হরেকরকম স্বরে

এই দুপুরে সবই গরম। গরম ঘরে-পরে।

তপ্ত রোদে দুপুর কাঁদে, কাঁদে দেশের ভোর

পৃথিবীটা কাঁপছে কেন? অসুখ বুঝি তোর।

আম-কাঁঠালের দিন গেল কই? মিষ্টি মধুর মাস?

এখন আবার আনতে হবে হারানো সন্ন্যাস।

এই গ্রহের পাড়ায় পাড়ায় ছড়িয়ে দিয়ে দ্যুতি-

জষ্ঠিমাখা রোদরা নামুক,আসুক তীব্র জ্যোতি।

অথবা অই ইনকিলাবের পাখা দিলাম খুলে

আর গাবো না মিথ্যারই গান সত্য ন্যায়টা ভুলে।


জষ্ঠি মাসের এই দুপুরে দীপ্ত শপথ করি-

আনব মোরা আলোয় মোড়া-দৃপ্ত জীবন গড়ি।

মিথ্যাভরা আঁধার ঘেরা কে গায় বলো গান!

তেজে ভরা হৃদয় নিয়ে দাঁড়াব অম্লান।

আমার কাছে জষ্ঠি মাসটা ঝকঝকা এক বোধ

উঠছে হেসে বিপ্লবী এক রোদের মতো ক্রোধ।

এই রোদটা শিশু ভীষণ-এই রোদটা ভোর

তোরও অমন জীবন হবে, ভাঙবি মোহডোর।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ