কে সে জন
কবিতা তালিম হোসেন সেপ্টেম্বর ২০২৬
কে সে জন যার গড়া নিখিল ভুবন!
কে রচিল রবি-শশী তারা অগণন!
গাছপালা ফুল-ফল
মেঘ বায়ু মাঠ-জল
ঝরনা পাহাড় নদী সাগর গহন;
এই আলো, এ আঁধার, জীবন মরণ!
কে সে জন দয়াময় কে সে ভালোবাসা!
বিপদের বন্ধু সে যে, নিরাশার আশা!
দিয়েছে আপনজন
পিতা-মাতা ভাই-বোন
বুকে দিছে স্নেহ প্রেম, মুখে দিছে ভাষা
অসীম দয়ায় যার ধরণিতে আসা।
বিপদে চোখের জল মুছে দিয়ে যায়
সুখে দুখে সখা হয়ে পাশেতে দাঁড়ায়।
গোপনে আড়ালে থাকি
সকল জীবের লাগি
দয়াল নিখিলনাথ ভাসে করুণায়।
পেতেছি সকল সুখে তাহারি কৃপায়!
না চাহিতে দয়াময় দিয়াছে সকল
ক্ষুধায় আহার আর পিপাসায় জল,
সবি দেয় চাহে না সে,
সে যে শুধু ভালোবাসে
এসো এসো ভাই বোন, এসো সাথী দল
তারি গান গেয়ে করি জীবন সফল।
কবি তালিম হোসেন
জন্ম : ২৯ অক্টোবর, ১৯১৮
মৃত্যু : ২১ ফেব্রুয়ারি, ১৯৯৯
আরও পড়ুন...