খেলা
কবিতা হাবীবুর রহমান মে ২০২৫
[১৯২৩-১৯৭৬]
শীতের শেষে গিয়েছিলাম
বাদামতলির মেলা,
তিনটে মোটে পয়সা নিয়ে
কাটিয়ে দিলাম বেলা।
অনেক করে ঘুরে ফিরে
কিনে নিলাম লাঙলটিরে
তারেই নিয়ে একা একা
কাটাই এখন বেলা।
সাত সকালে উঠেই করি
জমি চাষের খেলা।
ধুলো দিয়ে আপন মনে
আমন ফসল বুনি।
সোনার ধানের ডাক যে তখন
হৃদয় ভরে শুনি।
নাওয়া খাওয়া হয় না আমার
কখন যে যায় বেলা।
লাঙল চষি, ফসল বুনি,
ফুরোয় না মোর খেলা।
এই জমিটি ধানে ধানে
তুলব ভরে গানে গানে
একটি স্বপ্ন মনের মাঝে
রাঙায় খুশির মেলা।
মাটির দেশের মানুষ যারা
মাটিই ভাল বাসবে তারা
সকল ভুলে থাকতে পারি
মাটির সুবাস পেলে।
সবাই বলে পাগল ছেলে
এমনি কি কেউ খেলে?
তারা কি আজ ভাবতে পারে
এমনও দিন হবে,
শূন্য যত ধানের গোলা
পূর্ণ হয়ে রবে?
আরও পড়ুন...