খোকন
স্মরণ ফররুখ আহমদ জুন ২০২৬
প্রথম যখন ভাঙলো খোকার পাতলা ঘুম
আঁধার মাথায় এই পৃথিবীর সব নিঝুম।
এমন সময় জাগলো কে?
খোকন সে।
আর কে জাগে? তারার ফুল রাতের চাঁদ
জুঁইয়ের বুকে জমা শিশির মায়ার বাঁধ॥
এমন সময় কে জাগে আর? বিশ্বময়-
সবাই জাগে ঘুমের কোলে। মানুষ নয়।
এই দুনিয়ায় মানুষ কে?
খোকন সে।
মালঞ্চে সে ফুলের মাঝে প্রজাপতি,
তারার বনে পায় সে চলার প্রবল গতি॥
এমন সময় ঘুমায় কে আর? প্রেতের দল,
মরার আগেই ম’রে থাকার বিষম ফল।
তাহ’লে আর জাগবে কে?
খোকন সে।
ঘুম ভাঙাবে, ফুল কুড়াবে শিউলি তলে,
সে ফুল নিতে আসবে মানুষ দলে দলে।
আরও পড়ুন...