সবুজ গাছের মতো
হাদীসের আলো বিলাল হোসাইন নূরী জুন ২০২৬
ঈদুল আজহা ও গ্রীষ্মের ছুটি চলছে। বাবার সাথে মেহরাবের আগে থেকেই কথা ছিল, এবার তারা বেড়াতে যাবে ফুলের রাজ্যে। যেখানে ফুলই রাজা, ফুলই রানি। প্রজাও ফুল। ফুলই এখানের ফসল। এ রাজ্যে যারা বেড়াতে আসে, তাদের মনটাও ফুলের মতো কোমল। সুশোভিত। সুরভিত।
হ্যাঁ, এ রাজ্যের নাম গদখালি, যশোর। বাংলাদেশের ফুলের রাজধানী। সারা বছর ধরে মাঠের পর মাঠ যেখানে ফুলের চাষ হয়।
মেহরাব অবশ্য এর কিছুই জানত না। তার একটি ফুলের বাগান আছে। শখের বাগান। নানান জাতের নানান ফুল যেখানে ভালোবাসার গল্প লেখে। বড় ফুফু তার বাগান দেখে তাকে বলেছিলেন গদখালির কথা। তখনই বাবার কাছে সেখানে যাওয়ার বায়না ধরেছিল সে। বাবা বলেছিলেন, কবুল!
গদখালি এসে মেহরাবের মন আর ফিরতেই চাইছে না। ইচ্ছে করছে, এই ফুলের গালিচায় হৃদয় পেতে পড়ে থাকতে। আহা, সে-ও যদি এখানকার ফুলের চাষি হতে পারত!
যশোর এসে আরও একটা জিনিস মেহরাবের মন কেড়েছে। সারি সারি খেজুরগাছ। এত খেজুরগাছ সে আর কোথাও দেখেনি। খোঁজ নিয়ে জানতে পেরেছে, এখানকার কিছু জায়গা যেন খেজুরগাছের গ্রাম! বাবা বললেন, শীতকালে আসতে পারলে তো খেজুর রসের উৎসব দেখতে পেতাম। কীভাবে গুড় তৈরি হয়, তা-ও দেখা যেত!
মেহরাব বলল, তাহলে তো আবার আসতে হয়!
বাবা হেসে বললেন, ইনশাআল্লাহ!
বাবা বললেন, জানো, খেজুরগাছ নিয়ে সুন্দর একটি হাদিস আছে।
নবীজি বলেছেন, “মুমিনের উপমা হলো একটি সবুজ গাছের মতো। যার পাতা ঝরে না এবং নষ্টও হয় না।” তখন উপস্থিত লোকেরা বলতে লাগল, এটা অমুক গাছ, এটা তমুক গাছ। ইবনে উমর (রা) বলেন-আমি বলতে চেয়েছিলাম, এটা খেজুরগাছ। আমি তখন কিশোর ছিলাম, তাই লজ্জায় আর বলিনি।
অতঃপর নবীজি নিজেই বললেন-“এটা খেজুরগাছ”! [বুখারি]
মেহরাব বলল, মুমিন কীভাবে খেজুরগাছের মতো হয়? একটু বুঝিয়ে বলবে, বাবা?
বাবা বললেন-খেজুরগাছ যেমন তার মূলের ওপর অবিচল দাঁড়িয়ে থাকে, মুমিনের ঈমান থাকে তেমনি মজবুত। খেজুরগাছ সব সময় সবুজ থাকে, মুমিনও সব সময় একই রকম থাকে। সে দু’মুখো হতে পারে না। সে মানুষের সামনে একরকম আর গোপনে অন্যরকম নয়। খেজুরগাছকে যেমন পানি দিতে হয়, তেমনি মুমিনের হৃদয়কে সতেজ রাখতে প্রয়োজন হয় কুরআন-হাদিসের। ফলে সে থাকে প্রাণবন্ত!
মেহরাব বলল, সুবহানাল্লাহ! আমিও এমন হতে চাই, বাবা!
খুশিতে বাবার চোখে তখন পানি টলমল করছে।
ফুলের সুবাস আর খেজুর পাতার সবুজে মেহরাব যেন নিজেকে খুঁজে পেল অন্য এক দুনিয়ায়।
বিলাল হোসাইন নূরী
আরও পড়ুন...