শরৎ এলো

কবিতা আনোয়ারুল ইসলাম সেপ্টেম্বর ২০২৬

শরৎ এলো মধুর হেসে শাপলা ফোটা বিলে 

মন হারানো উদাসী ওই সুদূর আকাশ নীলে,

      এলোমেলো মেঘের ভেলা

      মৌমাছিদের চলছে খেলা

দোল দিয়ে যায় বাউরি বাতাস মনের মতিঝিলে।


শরৎ এলো শিউলি ফুলে শিশির ভেজা ঘাসে

চপল হাওয়া পথ ভুলে যায় শুভ্র সাদা কাশে,

      দিঘির জলে হাঁসের কেলি

      সুবাস ছড়ায় গোলাপ বেলি 

পাতার ফাঁকে কুঁড়ি দোলে আহা কী উচ্ছ্বাসে!


শরৎ এলো ধানের ক্ষেতে রোদ ঢেলে দেয় মায়া

নদীর ঘাটে বটের শাখায় স্নেহের শীতল ছায়া,

      বাড়ি বাড়ি তালের পিঠা

      হয় যে ভাজা বড়ই মিঠা

তুলতুলে ওই জোছনা ঝরায় চাঁদের অরূপ কায়া।


এসব তো নয় গল্পগাথা, গভীর ভালোবাসা 

নীরব মনে নিত্য জাগায় সুপ্ত রঙিন আশা,

      স্মৃতির পালে অবুঝ হাওয়া

      দোলায় চামর স্বপ্নে ছাওয়া 

শরৎ এলো গাঁও গেরামে বিমূর্ত যার ভাষা।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ