বাংলা মায়ের দামাল ছেলে
ছড়া-কবিতা আবু তাহের সরফরাজ মার্চ ২০২৫
বাংলাদেশের ছাত্রসমাজ
লক্ষ-কোটি জনতা
প্রতিরোধের দুর্গ গড়ে
কাড়তে খুনির ক্ষমতা।
স্বৈরশাসক বাংলাদেশের
রক্তচোষা রানি
শাসন-ত্রাসে জনগণের
রুদ্ধ মুখের বাণী।
কণ্ঠ ছেড়ে দেশের মানুষ
গর্জে ওঠে আজ
স্বাধীনতার নতুন বিজয়
রক্ত কারুকাজ।
পুলিশ-সেনার তপ্ত বুলেট
ভেদ করে যায় বুক
মৃত্যু হবে জেনেও মানুষ
রাজপথে উন্মুখ।
অন্ধকারের কার্ফু ভেঙে
নামলো জনঢল
খুনি রানির মসনদে ঝড়
উঠলো যে টলমল।
বাংলা মায়ের সবুজ জমিন
বারুদ দিয়ে জ্বালিয়ে
আগস্ট মাসের ৫ তারিখে
রানি গেলেন পালিয়ে।
স্বাধীনতার সূর্যোদয়ে
নতুন দিনের ভোর
রক্তজবার রঙে সূর্য
রাঙায় মাতৃক্রোড়।
বাংলাদেশের ফুল-ফসলে
সম্ভাবনার হাসি
বাংলা মায়ের দামাল ছেলে
ছাত্র শ্রমিক চাষি।
আরও পড়ুন...