বিদ্রোহী নজরুল
ছড়া-কবিতা হেলাল আনওয়ার আগস্ট ২০২৪
সবাই বলে দুষ্টু বালক
অগ্নিঝরা চোখের পলক
গাছে গাছে পাখির ছানা
একটি বালক দেয় যে হানা।
সেই বালকের বলক দেখে
সবাই অবাক হলো
ঝাঁকড়া চুলের দোলন লেগে
সব যে এলোমেলো।
বাঁধন হারা স্বাধীন মনে
সুবাস ভরা ফুলের ঘ্রাণে
উঠলো জেগে সুপ্ত পাড়া
সবার মনে জাগলো সাড়া।
তিতুর মতো সাহস বুকে
শির উঁচিয়ে ডাকে
শ্বেত বসনের শকুনগুলো
মরণ ভয়ে থাকে।
দীঘল বাহু নিখিল জোড়া
মনটা বিশাল পাহাড় চূড়া
হাতের কলম তীরের ফলা
জুলুম বাজের কাটবে গলা।
মুখটা রূপোর চাঁদের মতো
কিংবা গোলাপ ফুল
মাজলুমানের কাছে প্রিয়
বিদ্রোহী নজরুল।
জেলের তালা ভাঙলো শেষে
আসলো ফিরে বীরের বেশে
বুকের মাঝে অগ্নি গোলক
ডাকলো আবার লৌহ বালক।
জেলে তাঁতি কামার কুমার
কিষাণ কুলি সব
হৃদয় ভাঙা মজুর মনে
আনলো যে উৎসব।
লোহার শেকল বিকল করে
ডাকলো সবার আকুল ভরে
উঠলো জোয়ার মরা গাঙে
স্বাধীনতার মিষ্টি রঙে।
হুলের আঘাত হানলো বুকে
ভয়ংকর ভিমরুল
সবার প্রিয় কবি তিনি
বিদ্রোহী নজরুল।
আরও পড়ুন...