রোবোট্যাক্সি
আইটি কর্নার নাদিম নওশাদ জানুয়ারি ২০২৫
তোমাদের মধ্যে অনেকে নিশ্চয় ট্যাক্সিতে চড়ে থাকবে। হলুদ রঙের প্রাইভেট-কার। বেশ সুন্দর লাগে দূর থেকে দেখতে। কখনো তোমাদের মনে প্রশ্ন জেগেছে, মানুষের বদলে যদি রোবট ট্যাক্সি চালায় তাহলে কেমন হয়? রোবটগুলো সুন্দরমতো ট্রাফিক আইন মেনে চলবে, অতি সতর্কতার সাথে গাড়ি চালাবে, দুর্ঘটনাও কমে যাবে। অনেক সুবিধা হবে, তাই না!
মজার বিষয় কী জানো, বর্তমানে রোবট পরিচালিত ট্যাক্সি সেবা চালু হয়েছে। রোবট পরিচালিত এ ট্যাক্সি সেবাকে রোবোট্যাক্সি বলা হয়ে থাকে। অনেক পরিচিত রাইড শেয়ারিং প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে রোবোট্যাক্সির ব্যবহার শুরু করেছে। এর মধ্যে ‘ওয়েমো’, ‘বাইদু এ্যাপোলো’ ও ‘টেসলা সাইবারক্যাব’ অন্যতম।
রোবোট্যাক্সির ইতিহাস
রোবোট্যাক্সির যাত্রা শুরু হয় ২০১৬ সালে। এম.আই.টি-এর স্টার্টআপ প্রতিষ্ঠান ন্যু-টোনমি প্রথম ৬টা গাড়িকে পরিবর্তিত করে রোবোট্যাক্সিতে রূপান্তর করে ও সিঙ্গাপুরের একটা সীমিত এলাকায় জনসাধারণের জন্য সেবাটি চালু করে। পরবর্তী মাসে উবার আমেরিকার পিটাসবার্গ ও পেনসিলভেনিয়ায় নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীর জন্য ১৪টি রোবোট্যাক্সি নিয়োজিত করে। পরবর্তী বছর রোবোট্যাক্সি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ফলশ্রুতিতে আরও কিছু নামকরা প্রতিষ্ঠান এ তালিকায় যুক্ত হয়। এর মধ্যে আছে ক্রুজ অটোমেশন ও ওয়েমো।
বর্তমানে চীন ও আমেরিকার বেশকিছু প্রতিষ্ঠান রোবোট্যাক্সির পরীক্ষামূলক ব্যবহার চালাচ্ছে। চীনে বেইজিং ও সাংহাইয়ে এবং আমেরিকাতে সান ফ্রান্সিস্কো, ফিনিক্স ও লস্ অ্যাঞ্জেলেস-এর মতো শহরগুলোতে রোবোট্যাক্সির ব্যবহার রয়েছে।
রোবোট্যাক্সি তৈরিতে খরচ
প্রথমদিকে, কোনো গাড়িকে রোবোট্যাক্সিতে রূপান্তর করতে প্রচুর অর্থ ব্যয় করতে হতো। ২০২০ সালে রোবোট্যাক্সি তৈরির আনুমানিক খরচ ছিল ৪ লক্ষ মার্কিন ডলার। ভাবতে পারো, এক একটা রোবোট্যাক্সি তৈরিতে কি পরিমাণ অর্থ ব্যয় করতে হতো! পরবর্তীতে রোবোট্যাক্সি তৈরির খরচ ধীরে ধীরে কমে আসতে থাকে।
২০২১ সালে ওয়েমো রোবোট্যাক্সি তৈরিতে গাড়ি প্রতি ১ লক্ষ ৮০ হাজার মার্কিন ডলার ব্যয় করে। এবং ০.১৯ মার্কিন ডলার ব্যয় ধরা হয় প্রতি কিলোমিটার অপারেশনের জন্য। উবার রোবোট্যাক্সি তৈরির এ খরচ আরও নামিয়ে প্রায় ৭৮ হাজার মার্কিন ডলারে নিয়ে আসে। ২০২৩ সালে টেসলা এই খরচ কমিয়ে ২৫ হাজার মার্কিন ডলারে নিয়ে আসে।
জনপ্রিয়তায় ভাটা
একবার ভেবে দেখো, কতটা জনপ্রিয়তা অর্জন করলে রোবোট্যাক্সির নির্মাণ খরচ ৪ লক্ষ মার্কিন ডলার থেকে কমে ২৫ হাজার মার্কিন ডলার হয়। কিন্তু যে ব্যাপক জনপ্রিয়তা রোবোট্যাক্সি অর্জন করেছিল, তা কিছুটা ভাটা পড়ে যায় রোবোট্যাক্সির একটা সড়ক দুর্ঘটনায়।
২০২৩ সালের অক্টোবর মাসে আমেরিকার সান ফ্রান্সিস্কো রাজ্যে ক্রুজ কোম্পানির একটি রোবোট্যাক্সি সড়ক দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। পরবর্তীতে আরও একটি দুর্ঘটনায় ক্রুজ কোম্পানির রোবোট্যাক্সির কারিগরি বিভিন্ন ত্রুটি ধরা পড়ে। যার কারণে ক্যালিফোর্নিয়া রাজ্যে অনির্দিষ্টকালের জন্য ক্রুজ কোম্পানির রোবোট্যাক্সি বন্ধ ঘোষণা করা হয়।
সীমাবদ্ধতা
কয়েক বছরের গবেষণা ও পরীক্ষার শেষে, গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো দেখেছে যে বর্তমান বিশ^ রোবোট্যাক্সি ব্যবহারের জন্য পুরোপুরি প্রস্তুত। কিন্তু এটির ব্যবহারে অনেক বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। যদিও রোবোট্যাক্সি মানুষের সংস্পর্শ ছাড়াই চালিত হয়, তবুও জরুরি অবস্থায় নিয়ন্ত্রণের জন্য একজন অপারেটরের প্রয়োজন হয়। এছাড়া রোবোট্যাক্সি শুধুমাত্র উষ্ণ জলবায়ুর অঞ্চলে পরিচালনার মধ্যেই সীমাবদ্ধ। শীত প্রধান অঞ্চলে রোবোট্যাক্সির ক্যামেরা ও সেন্সরগুলো সঠিকভাবে কাজ করতে পারে না।
প্রতিবন্ধকতা
রোবোট্যাক্সি সেবার সবচেয়ে বড়ো প্রতিবন্ধকতা হলো, কোনো নতুন শহরে এ সেবা চালু করা অনেক কষ্টসাধ্য ও ব্যয়বহুল। নতুন এলাকায় সেবাটি চালু করবার জন্য এলাকার পুরো মানচিত্র পুঙ্খানুপুঙ্খভাবে তৈরি করে সেই অনুযায়ী রোবোট্যাক্সিকে প্রশিক্ষণ দিতে হবে।
এছাড়া এলাকাভেদে রাস্তা ও এর আশপাশের পরিবেশের যে ভিন্নতা তৈরি হয়, যে অনুযায়ী রোবোট্যাক্সি খাপ খাইয়ে নিতে পারবে কি না, সেটাকে অনেক বিশেষজ্ঞ বড়ো চ্যালেঞ্জ হিসেবে দেখছেন।
রোবোট্যাক্সির ভবিষ্যৎ
রোবোট্যাক্সির সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতার কারণে এ সেবাটির প্রসার এখনো চোখে পড়ার মতো নয়। এ ব্যবসায় লাভবান হবার বিষয়ে অনেক রোবোট্যাক্সি পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে গভীর উদ্বেগের তৈরি হয়েছে। উদাহরণ হিসেবে সান ফ্রান্সিস্কো-এর কথা বলা যাক। সান ফ্রান্সিস্কেতে ক্রুজ-এর রোবোট্যাক্সি রাস্তা থেকে নামিয়ে নেবার পরও ওয়েমো-এর মতো প্রতিষ্ঠানগুলো শূন্য বাজার দখল করতে তেমন আগ্রহ দেখায়নি। যেহেতু বর্তমানে রোবোট্যাক্সি কোম্পানিগুলোর প্রতিটি রোবোট্যাক্সি রাইডে আয়ের তুলনায় ব্যয়ের পরিমাণই তুলনামূলকভাবে অনেক বেশি, তাই অদূর ভবিষ্যৎতে রোবোট্যাক্সি-এর ব্যাপক প্রসারের দিকে কোম্পানিগুলোর আগ্রহ অনেক কম। তবে প্রযুক্তির বিপ্লবে ভবিষ্যৎতে হয়তো রোবোট্যাক্সির গুরুত্ব বৃদ্ধিও পেতে পারে।
আরও পড়ুন...